দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে; কোথাও কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।বৃহস্পতিবার বিকাল ৪টার পর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।এর আগে সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।এদিন সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। বিকাল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল নির্বাচন কার্যালয়।তবে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর মোট কত শতাংশ ভোট পড়েছে, তা এখনো জানা যায়নি।ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

সারাদেশ | 3 weeks ago
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজন শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে।হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১৩১৫ শিশুঅধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৫ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৪ জন।অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে আজ ২৯ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দুই লক্ষ ২৬ হাজার ৩৫৭ জন। এরমধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫ জন।গত ১৫ মার্চ থেকে আজ ২৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ এক হাজার ৪৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৩০১ জন।

স্বাস্থ্য | 3 weeks ago
তাহসিফের মরদেহে আঘাতের চিহ্ন নেই

তাহসিফের মরদেহে আঘাতের চিহ্ন নেই

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির শরীরে আঘাতের চিহ্ন নেই বলে সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে।টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের তৈরি করা ওই প্রতিবেদনে নাক দিয়ে রক্ত বের হতে দেখার কথা উল্লেখ করা হয়েছে।বুধবার বিকেল পৌনে ৬টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় তাহসিফ সুরির মরদেহ উদ্ধারের কথা সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে।অপমৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে বা মরদেহের কাছে গিয়ে মৃতদেহের বাহ্যিক অবস্থা পর্যবেক্ষণ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থাকে।তাহসিফের সুরতহাল প্রতিবেদনের বর্ণনা অনুযায়ী, মৃত ব্যক্তির উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। মাথার চুল কালো, মুখে ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। চোখ ও মুখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তাঁর দুই হাত মাথার সামনে বাঁকানো ও মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল। পেট ফোলা ছিল।প্রতিবেদন অনুযায়ী, বুক, পেট, পিঠ, দুই পা ও যৌনাঙ্গ স্বাভাবিক ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের সময় তাঁর পরনে কালো রঙের ফুলহাতা কাবলি শার্ট ও সাদা রঙের ট্রাউজার ছিল।নৌ পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদনেও বলা হয়, মৃত ব্যক্তির হাতে একটি ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে।২৮ বছর বয়সী তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টরে থাকতেন। তাঁর বাড়ি খুলনার সোনাডাঙ্গায়।২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিও ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।গত জুলাইয়ে একটি পডকাস্টে তাহসিফকে জিজ্ঞেস করা হয়েছিল, ওই ভিডিও ধারণ করার কারণে বিমান বাহিনী থেকে তাঁর চাকরি গেছে কি না। জবাবে তিনি বলেছিলেন, “হতে পারে।”ওই পডকাস্ট অনুষ্ঠানে আরও জানতে চাওয়া হয়, ‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিওর বিষয়ে বিমান বাহিনী তদন্ত করতে গিয়ে বাহিনীর ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতা খুঁজে পায় এবং যারা ‘র’-এর সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের মধ্যে তাঁর নামও আসে।জবাবে তাহসিফ বলেন, “আমার মনে হয়, ‘আমার দেশ’ যে প্রতিবেদনটা করেছে, এটা তারা আসলে কোনো প্রোপাগান্ডা সার্ভ করছে।”গত বছরের ৪ আগস্ট ‘আমার দেশ’-এর প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রতিবাদলিপিতে জানায়, প্রতিবেদনে তাহসিফ সুরিসহ দুই কর্মকর্তাকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে।আইএসপিআর জানায়, ‘বাস্তবে’ এ দুই কর্মকর্তাকে ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসরে পাঠানো হয়েছে, যার সঙ্গে ওই অভিযোগের কোনো সম্পর্ক নেই।

জাতীয় | 3 weeks ago
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮, আহত ৮০

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮, আহত ৮০

স্পেনে স্থির দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সঙ্গে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলোতে আরও মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। চলতি বছরে দেশটিতে এটি দ্বিতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা। আর ২০১৩ সালের পর ইউরোপে এটিই সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়। সংঘর্ষের পরপরই সেখানে অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী হেলিকপ্টার ও মরদেহ পরিবহনের গাড়ি পৌঁছায়।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পুরো স্পেন এই শোকে শোকাহত। মাদ্রিদের দক্ষিণে দুর্ঘটনাস্থলের কাছ থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তে কোনো ধরনের ত্রুটি বা ব্যর্থতা উঠে এলে তা মোকাবিলা করা হবে। তবে চলতি বছরে ঘটে যাওয়া দুটি রেল দুর্ঘটনার কারণ পরস্পর সম্পর্কহীন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে বলে জানান তিনি।সানচেজ বলেন, দেশের উচ্চগতির রেলব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন হলে তা করা হবে। তার ভাষায়, স্পেনের মতো একটি দেশের জন্য একই বছরে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।লাল সংকেত উপেক্ষা করে ট্রেন চালুর অভিযোগস্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, সামনে একটি ট্রেন স্থির দাঁড়িয়ে থাকায় রেনফে পরিচালিত ট্রেনটিকে লাল সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু সংকেত সক্রিয় থাকা সত্ত্বেও ট্রেনটিকে চলার অনুমতি দেওয়া হয়।মাদ্রিদে সাংবাদিকদের পুয়েন্তে বলেন, কম্পিউটার যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে লাল সংকেত জারি হয়েছিল এবং স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেনফের ট্রেনটি আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভুল ছিল।রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফে এক বিবৃতিতে জানায়, চলার অনুমতি পাওয়ার পর তাদের ট্রেনটি সামনে থাকা ইরিও পরিচালিত ট্রেনটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে ইরিওর ট্রেনটি কেন দাঁড়িয়ে ছিল, তা তাদের জানা নেই। দুর্ঘটনার প্রকৃত ধারাবাহিকতা, ওই সময় রেল চলাচলের পরিস্থিতি এবং সংঘর্ষের কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।ইরিও জানিয়েছে, দুর্ঘটনার পর তারা জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। তবে রেল অবকাঠামো পরিচালনাকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আদিফ এবং ইরিও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।বগির মধ্যে আটকে পড়েন যাত্রীরাদুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীরা ক্ষতিগ্রস্ত বগিগুলোতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তল্লাশি চালান। কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাখে নিহতের সংখ্যা ৬৮-তে পৌঁছানোর কথা জানান। তবে অন্ধকার নেমে আসার পরও উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানোর পর আরও মরদেহ পাওয়া যেতে পারে কি না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না তারা।দুর্ঘটনায় আহত যাত্রীদের কয়েকজনের শরীরে রক্তের দাগ ছিল, কারও শরীরে ছিল ব্যান্ডেজ। তাদের কাছের একটি সড়ক দিয়ে সরিয়ে নেওয়া হয়। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানান, আহত ৮০ জনের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।ট্রেনের এক যাত্রী ৬২ বছর বয়সী সালভাদর আরিজা দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, দরজার কাছাকাছি থাকায় বেরিয়ে আসতে পেরেছিলেন। অন্য যাত্রীরা বের হওয়ার জন্য জানালা ভাঙছিলেন। অনেকেই আসনগুলোর মধ্যে আটকে পড়ায় নড়াচড়া করতে পারছিলেন না।আরেক যাত্রী রাফায়েল বার্সেলো জানান, কফি খেতে নিজের আসন থেকে উঠে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। তার ভাষ্য, তারা সকালের নাশতা করছিলেন এবং কফি পান করছিলেন। হঠাৎ প্রবল ধাক্কায় যাত্রীরা ছিটকে পড়েন। তার বগিতেই অন্তত আটজন নিহত হয়েছেন বলে ধারণা করেন তিনি।স্বজনদের অপেক্ষা, স্থগিত রেল টিকিট বিক্রিদুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের স্বজনদের একটি স্কুলে অপেক্ষা করার ব্যবস্থা করা হয়। উর্দা এলাকার ওই স্কুলে আনা স্বজনদের একজন আনা নামের এক নারী জানান, তার স্বামী পেপের কোনো খোঁজ তখনও পাওয়া যায়নি। শনাক্ত হওয়া ব্যক্তিদের তালিকায় স্বামীর নাম না থাকলেও উদ্ধারকারীরা তাদের পোষা কুকুর ত্রেসেকে খুঁজে পেয়েছেন।নিহত ও নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যদের সহায়তায় বিশেষ হটলাইন চালু করেছে রেনফে। পাশাপাশি মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত টিকিট বিক্রি স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।দুর্ঘটনার দিন স্পেনের বিরোধী দল পিপলস পার্টি তাদের সব নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিলের ঘোষণা দেয়। আগামী মাসে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।চলতি বছরেই একই রেলপথে আরেক দুর্ঘটনাস্পেনে চলতি বছরের জানুয়ারিতেও উচ্চগতির ট্রেনের দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দুটি দুর্ঘটনাতেই একই রেলপথে চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর ট্রেন জড়িত থাকায় রেললাইন রক্ষণাবেক্ষণে বিনিয়োগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।জানুয়ারির দুর্ঘটনার পর ফেব্রুয়ারিতে প্রকাশিত সিভিল গার্ডের একটি প্রাথমিক প্রতিবেদনে রেললাইনের ত্রুটি, রেল বা রেললাইনের দুটি অংশের সংযোগস্থলে ওয়েল্ডিংয়ের ত্রুটিকে সম্ভাব্য প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। তবে তদন্তকারীরা আরও সাতটি সম্ভাবনাও খোলা রেখেছিলেন।স্পেনের রেল নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে লাইনচ্যুতি ও সংঘর্ষসহ বিভিন্ন ধরনের রেল দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। ২০১৬ সালে এ ধরনের দুর্ঘটনা ছিল ৪৫টি, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৭টিতে। গত বছর দুর্ঘটনার সংখ্যা ছিল ৬৯টি।একই বছরে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দেশটির রেল নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী সানচেজ জানিয়েছেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। (সূত্র: রয়টার্স)

আন্তর্জাতিক | 3 weeks ago
আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন বেঞ্জামিন নেতানিয়াহু

আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের নির্বাচনে ডানপন্থি দলগুলোর জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইহুদি ভোটারদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাওয়ায় বিরোধী দলগুলোর পক্ষে তাকে ক্ষমতা থেকে সরানো কঠিন হয়ে পড়েছে।প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে ইসরায়েলের তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে বলা হয়েছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর ডানপন্থি, কট্টর ডানপন্থি ও অতি-ধর্মীয় দলগুলোর জোট ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো রেকর্ড ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে আরব দলগুলোর বড় ধরনের সমর্থন ছাড়া আইজেনকটের পক্ষে সরকার গঠনের বাস্তবসম্মত পথ খুবই সীমিত। তবে ইসরায়েলের অনেক ইহুদি রাজনৈতিক নেতা আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের বিরোধী।ভোট গণনা শেষ না হওয়ায় ফলাফলে পরিবর্তন আসতে পারে। নির্বাচনের আগে জনমত জরিপে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হলেও নেতানিয়াহুবিরোধী দলগুলো প্রত্যাশিত ফল করতে পারেনি।সরকার গঠনে জোট আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী বছর আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্তও তিনি এই দায়িত্বে থাকতে পারেন। তত্ত্বাবধায়ক সরকারের কিছু সীমাবদ্ধতা থাকলেও ইরানের সঙ্গে যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার সরকারের থাকবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি বলেন, আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের মতোই। তবে কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কম থাকে এবং সংযম বজায় রাখার দায়িত্ব থাকে।ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিতবুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার ভোর ৩টার পর নিজের দল লিকুদের সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন নেতানিয়াহু। তিনি একটি ‘শক্তিশালী ডানপন্থি জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানান।বক্তব্যে ইসরায়েলের সামরিক সাফল্যের কথা তুলে ধরে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যৌথ সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি ‘চিরতরে’ দূর করার ক্ষেত্রে দুই দেশের সামনে ইতিহাসের এক অনন্য সুযোগ এসেছে।এর আগে ট্রাম্প ইসরায়েলি ভোটারদের নেতানিয়াহুকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছিলেন। ইরানে অভিযান ‘শেষ করতে’ দুই নেতার একসঙ্গে কাজ করার কথাও বলেছিলেন তিনি। নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, নেতানিয়াহু ‘খুব ভালো করেছেন’। তার দাবি, নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোয় নির্বাচনে সহায়তা হয়েছে।ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি থাকলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এ নির্বাচন নিয়ে উদ্বেগ দেখা গেছে।তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি সংবলিত ব্যানারে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। ওই হামলার মধ্য দিয়েই যুদ্ধ শুরু হয়েছিল। পাশেই ছিল লেবাননে নেতানিয়াহুর নির্দেশে নিহত হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহর ছবি।ইরানের ৫০ বছর বয়সী নাগরিক আবদুল্লাহ করিমি বলেন, ‘আমি সত্যিই হামলার আশঙ্কা দেখছি।’১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করা প্রথম আরব দেশ মিসরেও হতাশা দেখা গেছে। ৬২ বছর বয়সী আইনজীবী ওসমান সেলিম বলেন, নেতানিয়াহুর পরাজয় হলে ইসরায়েল কট্টর ডানপন্থী রাজনীতি থেকে সরে আসবে বলে তিনি আশা করেছিলেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি।নিরাপত্তা বাহিনীকে সতর্ক করলেন আইজেনকটনেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকছেন—এ কথা স্বীকার করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। তবে রাজনৈতিক স্বার্থে নিরাপত্তা পরিস্থিতিকে কাজে লাগানো হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।আইজেনকট বলেন, ‘নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রশাসনের প্রধানদের প্রতি আমার আহ্বান—নেতানিয়াহু এমন একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, যার কোনো ম্যান্ডেট বা জনগণের আস্থা নেই। আপনাদের চ্যালেঞ্জ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় থাকুন।ইরান যুদ্ধকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করার অভিযোগ আগেই অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়। বুধবার এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও কার্যালয়টি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনা ইসরায়েলের আর্থিক বাজারেও প্রভাব ফেলেছে। দেশটির মুদ্রা শেকেলের মান মার্কিন ডলারের বিপরীতে প্রায় ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ডলারে ৩ দশমিক ১০ শেকেলে দাঁড়িয়েছে। তেল আবিবের প্রধান শেয়ারবাজার সূচকগুলোও ৩ শতাংশের বেশি কমেছে।ইসরায়েলের রাজনীতিতে ডানপন্থিদের প্রভাব বাড়ছেনির্বাচনের ফল নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক প্রভাবের মধ্যে ইসরায়েলি ইহুদিদের মধ্যে ডানপন্থী অবস্থানের বিস্তার তুলে ধরেছে। দেশটির ইতিহাসের প্রথমার্ধে প্রভাবশালী থাকা মধ্য-বামপন্থী রাজনীতি এখন তুলনামূলকভাবে ছোট একটি অংশে সীমাবদ্ধ হয়ে পড়েছে।ইহুদি দলগুলোর প্রায় সবাই ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে। ১৯৯০-এর দশক থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত শান্তি প্রচেষ্টার অন্যতম ভিত্তি হলো এই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলাকারীরা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করার পর এটিই ছিল দেশটির প্রথম নির্বাচন। ওই হামলার পর গাজা, লেবানন ও ইরানে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল।গাজার যুদ্ধের কারণে উপত্যকাটির বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এ যুদ্ধে ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মুখে পড়েছে।নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব অভিযোগকে তিনি অযৌক্তিক বলে দাবি করেন। এ ছাড়া ইসরায়েলে দুর্নীতির অভিযোগে তার বিচার চলছে, যা তিনি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন।এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের মধ্যে ভোটার উপস্থিতি বিশেষভাবে বেশি ছিল। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশেরও বেশি এই জনগোষ্ঠীর অনেকে নেতানিয়াহুর মন্ত্রিসভার প্রকাশ্য বর্ণবাদী বক্তব্যের প্রতিবাদে ভোট দিতে উৎসাহিত হয়েছেন। তার সরকারের একটি দলের নেতা আরবদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ উসকে দেওয়ার দায়ে দণ্ডিত হয়েছেন।ভোটের পর বুথফেরত জরিপের ফল প্রকাশিত হলে কয়েকটি আরব দলের জোট জয়েন্ট লিস্টের সদর দপ্তরে উল্লাস ও করতালি শুরু হয়। দলটির প্রার্থী ফাতেন গাত্তাস বলেন, ‘আমরা দখলদারত্ব ও বর্ণবাদের বিরোধিতা করি এবং এখানেই থাকব।’এর আগে যে জোট নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পেরেছিল, তাতে একটি ছোট আরব দল সমর্থন দিয়েছিল। কিন্তু আইজেনকটের জোট প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় এবার সরকার গঠনের জন্য জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন হতে পারে। তবে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে অধিকাংশ ইহুদি রাজনৈতিক নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট এড়িয়ে চলেছেন। সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক | 3 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন আজ। কেপটাউনে চলছে দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। হকি এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি।ক্রিকেটমিরপুর টেস্ট (২য় দিন)বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসকাল সাড়ে ৯টা, টি-স্পোর্টসত্রিদেশীয় ওয়ানডে সিরিজইংল্যান্ড–শ্রীলঙ্কাবেলা ২টা, ট্যাপম্যাড ও টি-স্পোর্টসকেপটাউন টেস্ট (৩য় দিন)দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়াবেলা আড়াইটা, ট্যাপম্যাডহকি: এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিমালয়েশিয়া–দক্ষিণ কোরিয়াবেলা ৩টা, স্টার স্পোর্টস-২বাংলাদেশ–জাপানবিকেল ৫টা ১৫ মি., স্টার স্পোর্টস-২ভারত–চীনসন্ধ্যা সাড়ে ৭টা, স্টার স্পোর্টস-২কারাবাও কাপএভারটন–নিউক্যাসলরাত ১টা ৪৫ মি., ফ্যানকোড

খেলাধুলা | 3 weeks ago
আজকের নামাজের সময়সূচি : ২৯ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ২৯ অক্টোবর ২০২৬

আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১৩ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৭ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪৬ মিনিট।মাগরিব- ৫:২৬ মিনিট।ইশা- ৬:৪০ মিনিট।আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ আজ সূর্যাস্ত- ৫:২২ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০২ মিনিট।শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ফজর- ৪:৪৮ মিনিট।সূর্যোদয়- ৬:০৩ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 3 weeks ago
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ

মাহবুব পিয়াল,ফরিদপুর : আত্মস্বাবলম্বী করতে খাজা নেসবতের অস্বচ্ছলদের মাঝে কর্মসংস্থান সহায়তা হিসেবে পুঁজি ও মূলধন বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন। আজ বুধবার (২৮অক্টোবর) ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান তিন শতাধিক মানুষকে এই অনুদান প্রদান করেন। ছাদকায় জারিয়া হিসেবে অস্বচ্ছলদের কর্মসংস্থান সৃষ্টিতে একক আর্থিক সহায়তার পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে ফাউন্ডেশন থেকে জানা যায়। একই অনুষ্ঠানে দরবার শরীফের প্রতিষ্ঠাতা জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহমাতুল্লাহ আলাইহি) নক্সবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে তাঁর একমাত্র পুত্র ও দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আসন্ন বার্ষিক ওরছ শরীফের তারিখ ২০২৭ সালের ১৩ জানুয়ারী রোজ বুধবার ঘোষণা করেন। ওরছ পাকের প্রস্তুতি উপলক্ষ্যে আগেরদিন মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ওয়াজ নসিহতের মধ্য দিয়ে জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্তরা দরবার শরীফে সমবেত হতে থাকেন। বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার ও শরিয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের সুখ-শান্তি ও মহান আল্লাহর নৈকট্য কামনা করা হয়।

ফরিদপুর | 3 weeks ago
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ। দিনভর নানান কর্মসূচিতে ব্যাস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এছাড়াও স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। এর আগে, বাংলাদেশ জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নিবেন প্রধানমন্ত্রী। সেখানেও বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়াও আজ জাপানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের কর্তাব্যাক্তিদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। যাবেন, খ্যাতনামা ব্র্যান্ড ইউনিক্ল হেডকোয়ার্টারে। সেখানে, ইউনিক্ল প্রেসিডেন্ট ও গ্রুপটির বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল করপোরেশনের গভর্ণরের সঙ্গেও  বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় | 3 weeks ago
নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার,  ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা

নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এবং বকেয়া পরিশোধের প্রস্তুতি নিচ্ছে সরকার। বাড়তি ব্যয় মেটাতে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া বাড়ানো হয়েছে।এর অংশ হিসেবে ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক। এ নিলামের মাধ্যমে ব্যাংকগুলো থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসে গতকাল পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ৫৫ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আজকের নিলামে আরও ৫ হাজার কোটি টাকা তোলা হলে মাসটিতে ঋণের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার ৩০০ কোটি টাকা। এর আগে চলতি অর্থবছরের জুলাইয়ে ৫৬ হাজার কোটি, আগস্টে ৫০ হাজার কোটি এবং সেপ্টেম্বরে সাড়ে ৪১ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিল সরকার।কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা জানান, নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে। এ কারণে স্বল্পমেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম আয়োজন করা হয়েছে।সাধারণত সরকার ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়। রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে সাময়িক ঘাটতি দেখা দিলে ১৪ দিন মেয়াদি বিল ইস্যু করা হয়।তবে নিলামে তোলা বিল-বন্ডের পুরো অর্থ সরকারের নিট ঋণ নয়। এর বড় অংশ আগের ঋণের মেয়াদপূর্তিতে পরিশোধ করতে হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ২৪ হাজার ২৪৫ কোটি টাকা।বাড়ছে ঋণের সুদহারসরকারের ঋণ নেওয়ার চাপ বাড়ায় ট্রেজারি বিল-বন্ডের সুদহারও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৫ অক্টোবর ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের ইল্ড ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। ২৬ অক্টোবর তা বেড়ে ৮ দশমিক ৫৫ শতাংশে দাঁড়ায়। দীর্ঘমেয়াদি বন্ডের ইল্ডও বেড়েছে।অথচ ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ রেকর্ড ৪ লাখ ৪২ হাজার কোটি টাকায় পৌঁছেছে। গত আগস্ট শেষে এ পরিস্থিতি দেখা যায়। বিপুল তারল্য থাকা সত্ত্বেও সরকারি ঋণের চাহিদা বাড়ায় বিল-বন্ডের সুদহার বাড়ছে।বাংলাদেশ ব্যাংক বলছে, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ সংগ্রহ করতে না পারায় সরকারের ব্যাংকঋণের প্রয়োজন বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক চাহিদা অনুযায়ী ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে ঋণের জোগান দিচ্ছে। চলতি অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়ার লক্ষ্য রয়েছে। সুকুকের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন বাড়লে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরতা কিছুটা কমতে পারে।রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংকনির্ভরতাচলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে এ খাত থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল রেকর্ড ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা।এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২৫ হাজার ৪৯১ কোটি টাকা। প্রত্যাশার তুলনায় রাজস্ব আদায় কম হওয়ায় সরকারের দৈনন্দিন ব্যয় মেটাতেও ব্যাংকঋণের ওপর নির্ভরতা বাড়ছে।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন বাবদ চলতি অর্থবছরের বাজেটে ১ লাখ ৩১ হাজার ২৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন বেতনকাঠামো পুরোপুরি কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় আরও প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা বাড়তে পারে। এতে আগামী দিনগুলোতে সরকারের অর্থায়নের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অর্থনীতি ও বাণিজ্য | 3 weeks ago